হরমুজে ফের জাহাজে আক্রমণ, ইরানের ক্ষেপণাস্ত্র হানায় নিহত ভারতীয় নাবিক

তেহরান ও নয়াদিল্লি : হরমুজ প্রণালীতে ফের হামলা চালাল ইরান। সংযুক্ত আরব আমিরশাহির দু’টি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। হামলায় নিহত হয়েছেন এক ভারতীয় নাবিক। জখম হয়েছেন আরও আট জন। সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, জখম নাবিকদের মধ্যে ছ’জন ভারতীয় এবং দু’জন ইউক্রেনীয়।

মঙ্গলবার ভোরে তেলবাহী দু’টি ট্যাঙ্কার— মোম্বাসা এবং আল বাহিয়াকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। সংযুক্ত আরব আমিরশাহি জানিয়েছে, হামলার সময়ে দু’টি জাহাজই ওমানের জলসীমায় ছিল। সেখানে তাদের উপর হামলা হয়েছে। ইরানি আক্রমণে নিহত ভারতীয় নাবিক ছিলেন মোম্বাসা জাহাজে। ক্ষেপণাস্ত্রের হামলায় দু’টি ট্যাঙ্কারেই আগুন ধরে যায়। যদিও পরে সেই আগুন নিয়ন্ত্রণে আনেন নাবিকেরা।

ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছে সংযুক্ত আরব আমিরশাহির বিদেশ মন্ত্রক। সে দেশের বিদেশ মন্ত্রক হামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হওয়ায় ভারত সরকার ও দেশটির জনগণের উদ্দেশে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। এখানেই শেষ নয়, মন্ত্রক জোর দিয়ে বলেছে, এই হামলা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ রেখে হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − eight =