কাতারের প্রাক্তন আমিরের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি/দোহা : কাতারের প্রাক্তন আমির এবং আধুনিক কাতারের রূপকার হিসেবে পরিচিত শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন। রবিবার কাতারের আমিরের কার্যালয় এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর জানিয়েছে। তাঁর প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন।

এক্স হ্যান্ডেলে শোকবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, শেখ হামাদ ছিলেন দূরদর্শী নেতা, যাঁর নেতৃত্বে কাতার উন্নয়ন ও সমৃদ্ধির নতুন উচ্চতায় পৌঁছেছিল। তিনি আরও জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কাতার সফরের সময় শেখ হামাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ তাঁর হয়েছিল এবং তাঁকে তিনি ভারতের একজন প্রকৃত বন্ধু হিসেবে স্মরণ করবেন।

প্রধানমন্ত্রী কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, রাজপরিবার এবং কাতারের জনগণের প্রতি সমবেদনা জানিয়ে শেখ হামাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

শেখ হামাদ ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির ছিলেন। তাঁর শাসনকালে দেশটির অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) শিল্পের সম্প্রসারণ, পরিকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কাতারের প্রভাব বৃদ্ধিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই কারণেই তাঁকে আধুনিক কাতারের অন্যতম প্রধান স্থপতি হিসেবে বিবেচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 4 =