বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস বিক্রি করছে ফিফা, সবচেয়ে কম মূল্যের দাম ৪৫০ ডলার

২০২৬ বিশ্বকাপের ফাইনাল এখনও বাকি। তবে তার আগেই ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ স্মারক বাজারে এনেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাসের ছোট ছোট অংশ সংগ্রহযোগ্য স্মারক হিসেবে বিক্রি শুরু করেছে তারা। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল আসরের স্মৃতি নিজের কাছে ধরে রাখতে আগ্রহীদের জন্যই এই উদ্যোগ।

সবচেয়ে কম মূল্যের স্মারকটির দাম রাখা হয়েছে ৪৫০ ডলার। প্রতিটি ঘাসের অংশ বিশেষ স্বচ্ছ আবরণে সংরক্ষণ করা হবে, যাতে দীর্ঘদিন অক্ষত থাকে। স্মারকের গায়ে খোদাই করা থাকবে ২০২৬ বিশ্বকাপের প্রতীক, ফাইনালের ভেন্যু, ম্যাচের তারিখ এবং ফাইনালের চূড়ান্ত ফলাফল। এর সঙ্গে দেওয়া হবে একটি স্মারক সংরক্ষণ যন্ত্র, যেখানে থাকবে সত্যতা নিশ্চিত করার ভিডিও।

এই স্মারকগুলো তৈরি করছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কিপ স্টাব। তারা আরও ৯০০, ১২০০ ও ৩০০০ ডলারের ৩টি বিশেষ সংস্করণও বাজারে এনেছে। প্রতিটি সংস্করণের সংখ্যা সীমিত, মাত্র ২০২৬টি। অর্থাৎ ৪টি সংস্করণের সব স্মারক বিক্রি হলে ফিফার আয় হবে ১ কোটি ১২ লক্ষ ডলারেরও বেশি।

৪৫০, ৯০০ ও ১২০০ ডলারের সংস্করণে একই আকারের ঘাসের অংশ রাখা হলেও ৩০০০ ডলারের বিশেষ সংস্করণে থাকবে আরও বড় আকারের ঘাস। এর সঙ্গে দেওয়া হবে সোনালি নকশা করা ধাতব স্মারক টিকিট, বিশ্বকাপ ফাইনালের বলের ক্ষুদ্র প্রতিরূপ এবং কাচে তৈরি বিশ্বকাপ ট্রফির প্রতিরূপ। ফলে এটি সংগ্রাহকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় সংস্করণ হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে যে মাঠের ঘাস এখন বিক্রি হচ্ছে, সেটি নিয়েই টুর্নামেন্টের শুরুতে সমালোচনা হয়েছিল। উত্তর ক্যারোলিনার একটি ঘাসের খামার থেকে মাঠের ঘাস এনে মে মাসের শুরুতে স্টেডিয়ামে বসানো হয়। এরপর টুর্নামেন্টের কয়েকটি ম্যাচ শেষে ব্রাজিল ও ফ্রান্সের একাধিক ফুটবলার অভিযোগ করেন, মাঠের ঘাস অনেকটাই শুকনো এবং সেখানে স্বাভাবিক ছন্দে ফুটবল খেলতে সমস্যা হচ্ছে।

বিশ্বকাপ উপলক্ষে ব্যয়বহুল স্মারক বিক্রির ঘটনা অবশ্য নতুন নয়। গত মে মাসে ফিফা আয়োজক ১৬ শহরের সীমিত সংস্করণের জার্সি বিক্রি শুরু করে। প্রতিটি জার্সির দাম ছিল ৩৭৫ ডলার। প্রতিটি নকশার মাত্র ৯৯৯টি করে তৈরি হলেও এখনও সেগুলোর কিছু বিক্রির জন্য রাখা হয়েছে।

শুধু ফিফাই নয়, বিশ্বের বিভিন্ন ক্রীড়া সংস্থাও এখন মাঠের অংশ বা ঐতিহাসিক ম্যাচের স্মারক বিক্রির পথে হাঁটছে। যুক্তরাষ্ট্রের বোইসি স্টেট তাদের বিখ্যাত নীল মাঠের ঘাস বিভিন্ন আকারে বিক্রি করছে। অন্যদিকে মেজর লিগ বেসবলও বিশ্ব সিরিজের নির্ধারণী ম্যাচের মাঠের মাটি সংগ্রহযোগ্য স্মারক হিসেবে বাজারে এনেছে। এবার সেই তালিকায় যোগ হলো বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাসও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =