বারুইপুরে ১২ বছরের নাবালিকার রহস্যমৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা, ধর্ষণ করে খুনের অভিযোগ; গণপিটুনিতে মৃত্যু এক অভিযুক্তের

বারুইপুর : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ধপধপি-২ গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় ১২ বছরের এক নাবালিকার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, নাবালিকাকে অপহরণের পর গণধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকে রাস্তা ও রেল অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। উত্তেজিত জনতার গণপিটুনিতে এক সন্দেহভাজন অভিযুক্তের মৃত্যু হয়েছে। বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল প্রায় চারটে নাগাদ ওই নাবালিকা খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার নিথর দেহ। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।

পরিবারের অভিযোগ, চারজন ব্যক্তি নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণের পর খুন করেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে শ্বাসরোধ করে খুনের সম্ভাবনা সামনে এসেছে। তবে ধর্ষণের অভিযোগের সত্যতা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রবিবার সকাল থেকে সূর্যপুর হাট এলাকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করা হয়। কিছুক্ষণ পর রেল অবরোধও শুরু হয়। অভিযোগ, এই সময় এক সন্দেহভাজন অভিযুক্তকে ধরে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। গুরুতর জখম অবস্থায় তাঁর মৃত্যু হয়। বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা ও ধস্তাধস্তি হয়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছন রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়।

এদিকে মুখ্যমন্ত্রী আগামী মঙ্গলবার নবান্নে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানানো হয়েছে। তিনি ইতিমধ্যেই ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দোষীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন। সেই আশ্বাসের পর ধীরে ধীরে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনায় এখনও থমথমে বারুইপুরের সূর্যপুর হাট এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − two =