নিজস্ব প্রতিবেদন: দলবদলের বাজারে বড় চমক। এবারের আইএসএলের গোল্ডেনবল জয়ী তারকা মিগুয়েল ফিগুয়েরাকে দলে নিতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্ট। দলবদলের বাজারে জোর টক্কর চলছে ইস্টবেঙ্গল -মোহনবাগানের। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের ঘর ভেঙে ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল যোগ দিতে চলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানে। আইএসএলের ডার্বিতে মিগুয়েলের ফাইনাল পাস থেকেই গোল করেছিলেন এডমুন্ড। আপাতত সেই দৃশ্য অতীত, সম্ভবত সবুজ-মেরুন জার্সিতে আগামী মরশুমের আইএসএলে খেলতে দেখা যাবে মিগুয়েলকে।
দুই বছরের জন্য মোটা অঙ্কের চুক্তিও সম্পন্ন হওয়ার পথেন জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের কাছে মিগুয়েল যে পরিমাণ অর্থ চেয়েছিলেন, তা লাল-হলুদ দিতে পারবে না। বিনিয়োগকারী সংস্থা ইমামিরও থাকার সম্ভাবনা নেই। মোহনবাগান সেখানে লোভনীয় প্রস্তাব পেয়ে লুফে নিয়েছেন মিগুয়েল। ইস্টবেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন করা গোল্ডেন বল জয়ী মিগুয়েল সেই পুরস্কার রেখে গিয়েছে লাল-হলুদ তাঁবুতে। এবার গঙ্গাপাড়ের ক্লাবের হয়ে ট্রফি জিততে চাইবেন তিনি।
এছাড়া গোল্ডেন বলের পর গোল্ডেন বুট জয়ীকেও হয়তো হাতছাড়া করতে পারে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, ইউসেফ এজ্জেজারির কাছে ভারত ও ভারতের বাইরে একাধিক ক্লাবের বড় অফার রয়েছে, যা ইস্টবেঙ্গলের থেকে ভালো। যদিও ইউসেফ ইস্টবেঙ্গলে থাকতে আগ্রহী, কিন্তু ক্লাব থেকে কোনও কথা না হওয়ায় প্রস্তাবগুলি নিয়ে ভাবছেন এই তারকা ফরোয়ার্ড। এদিকে ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন বরিস সিং।

