ছ’মাসের মধ্যে কলকাতা পুরসভার নির্বাচনের ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা : আগামী ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার নির্বাচন হওয়ার ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ছ’মাসের মধ্যে নির্বাচিত বোর্ডের হাতে কলকাতা পুরসভার দায়িত্বভার তুলে দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পুরসভায় কলকাতা অঞ্চলের সাংসদ, বিধায়ক ও বিদায়ী কাউন্সিলার এবং পুরসভার সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠকে করেন তিনি। পুরসভার এলাকা পুনর্বিন্যাসের পরেই এই নির্বাচন সংগঠিত হবে বলে এ দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই মুহূর্তে পুরসভার দায়িত্বে কেন প্রশাসককে বসানো হয়েছে, সোমবার তার ব্যাখ্যাও দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, যেখানে যেখানে প্রশাসক রয়েছেন, সেখানে দ্রুত নির্বাচন করানোটাই আমাদের নীতি। পাশাপাশি এ দিন কলকাতা পুরসভার ওয়ার্ডের পুনর্বিন্যাসের প্রসঙ্গেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কিছুদিন আগেই পদত্যাগ করেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। আগামী ডিসেম্বর পর্যন্ত কলকাতা পুরসভার মেয়াদ রয়েছে। তবে মেয়র ইস্তফা দেওয়ার কারণে পুর বোর্ড ভেঙে গিয়েছে। সেই কারণে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর পুরসভার কমিশনার স্মিতা পান্ডেকে পুরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করেছে।

এ দিন কলকাতা পুরসভার ওয়ার্ডের পুনর্বিন্যাসের প্রসঙ্গেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি নিজে ভবানীপুর বিধানসভার বিধায়ক। এখনকার কোনও ওয়ার্ডে ১০ হাজার মানুষ। আবার কোথাও ৪০-৫০ হাজার মানুষ। এ দিন তিনি শহরের ৭৭, ৮২ নম্বর ওয়ার্ডের প্রসঙ্গ তোলেন। রাজ্য সরকারের সুপারিশে রাজ্য নির্বাচন কমিশন ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ দ্রুত শুরু করবে বলেও এ দিন জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী শুভেন্দুর মঞ্চে ফিরহাদ ও মমতার ভ্রাতৃবধূ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে সাড়া দিয়ে সোমবার কলকাতা পুরসভায় পৌঁছলেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যান্য কাউন্সিলররাও, যাদের মধ্যে অনন্যা বন্দ্যোপাধ্যায়, অসীম বসু এবং জুঁই বিশ্বাসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এদিন মুখ্যমন্ত্রী জানান, এই পক্ষ, ওই পক্ষ নয়, এখন উন্নয়নের পক্ষ। তাঁর কথায়, আমাদের সঙ্গে কারওর বিরোধ নেই। সবাই মিলে উন্নয়নের কাজ হবে। যাঁরা আসবেন সবাই মিলে কাজ হবে। কিন্তু যাঁরা আসবেন না তাঁরা ছিন্ন হয়ে যাবেন বলেও মন্তব্য শুভেন্দু অধিকারীর।

জানা গিয়েছে, ‘স্বচ্ছতা সে স্বাগত’ শীর্ষক অভিযান শুরু হচ্ছে বাংলায়। পাঁচদিন ধরে চলবে অভিযান। যার মধ্যে আগামী ১৭ জুন গঙ্গা পরিষ্কার অভিযান করা হবে। কলকাতার প্রত্যেকটি ঘাটকে পরিস্কার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 9 =