প্রায় ছয় বছর হয়ে গেল প্রতিযোগিতামূলক ম্যাচে একে অপরের বিরুদ্ধে মাঠে নামেননি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শেষবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছিল জুভেন্টাস। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন রোনাল্ডো। তারপর দুই মহাতারকার ফুটবলযাত্রা ভিন্ন পথে এগিয়েছে। তবে ২০২৬ বিশ্বকাপ সেই বহুল প্রতীক্ষিত দ্বৈরথ আবার ফিরিয়ে আনতে পারে।
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘জে’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডন। অন্যদিকে ‘কে’ গ্রুপে থাকা পর্তুগালের সামনে ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া। গ্রুপ পর্বের অবস্থান অনুযায়ী দুই দল একই নকআউট ব্র্যাকেটে পড়তে পারে, ফলে মেসি বনাম রোনাল্ডো লড়াইয়ের দরজা খোলা থাকছে।
প্রথম সম্ভাবনা, আর্জেন্টিনা ও পর্তুগাল যদি নিজেদের গ্রুপে শীর্ষে থেকে শেষ করে এবং পরবর্তী দুই নকআউট ম্যাচ জিতে যায়, তাহলে কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচই হতে পারে মেসি-রোনাল্ডো দ্বৈরথের নতুন অধ্যায়।
দ্বিতীয় সম্ভাবনা, যদি দুই দলই নিজ নিজ গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করে, তাহলে কোয়ার্টার ফাইনালের আগেই শেষ ষোলোতেই দেখা হতে পারে তাদের। যদিও বর্তমান শক্তির বিচারে দুই দলেরই গ্রুপসেরা হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে।
বিশ্বফুটবলের দুই কিংবদন্তির বয়স এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে। তাই ২০২৬ বিশ্বকাপেই হয়তো শেষবারের মতো দেখা যেতে পারে সেই স্বপ্নের লড়াই, যার অপেক্ষায় রয়েছেন কোটি কোটি ফুটবলপ্রেমী।

