চন্দ্রলেখা ডালমিয়া স্মৃতি টি২০ প্রতিযোগিতার জমজমাট ফাইনালে চ্যাম্পিয়ন মা সারদা

মহিলা ক্রিকেটের বিকাশে অভিষেকের বার্তা

ক্রিকেট প্রশাসক হিসেবেই নয়, খেলাধুলোর সার্বিক বিকাশের অন্যতম মুখ হিসেবেও নিজেকে বারবার প্রতিষ্ঠিত করেছেন অভিষেক ডালমিয়া। প্রয়াত জগমোহন ডালমিয়ার সুযোগ্য উত্তরসূরি হিসেবে তিনি একসময় সফলভাবে সামলেছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর সভাপতির দায়িত্ব।

ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যও। সম্প্রতি শিশু ফুটবলের বিকাশে সফলভাবে আয়োজন করেছেন বেবি লিগ। ক্রিকেট হোক বা অন্য খেলা, তৃণমূল স্তর থেকে প্রতিভা তুলে আনার ব্যাপারে তাঁর আগ্রহ বরাবরই উল্লেখযোগ্য। সেই ধারাবাহিকতায় বুধবার চন্দ্রলেখা ডালমিয়া নামাঙ্কিত এনসিসি ও রাজস্থান ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত বার্ডিং মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন তিনি। বিবেকানন্দ পার্কে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল মা সারদা এবং রানী ঝাঁসি।
প্রথমে ব্যাট করে মা সারদা ১৮১ রান তোলে। জবাবে রানী ঝাঁসি মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায়। ফলে ১২৬ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় মা সারদা।

প্রতিযোগিতার ফাইনাল ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামী, এনসিসি-র প্রেসিডেন্ট পবণ ভালোটিয়া, সিএবির প্রাক্তন সহ-সভাপতি অমলেন্দু বিশ্বাস, ক্রিকেট ক্লাব অব ঢাকুরিয়ার কর্ণধার শান্তনু মিত্র-সহ সিএবির একাধিক কর্মকর্তা এবং প্রাক্তন মহিলা ক্রিকেটাররা।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মহিলা ক্রিকেটের প্রসারে এই ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ জোগান অভিষেক ডালমিয়া। ক্রিকেট প্রশাসনের অভিজ্ঞতা ও খেলার প্রতি তাঁর দীর্ঘদিনের ভালোবাসা এমন উদ্যোগগুলিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =