সায়ন-তন্ময়দের নিয়ে বাস্তব রায়ের নেতৃত্বে ঘরোয়া লিগে মোহনবাগান

নিজস্ব প্রতিবেদন: নতুন মরশুমে কলকাত ফুটবল লিগের জন্য দল গঠন সম্পন্ন মোহনবাগানের। বেশ কিছু বাঙালি প্রতিভাবান ফুটবলারদের এবার দেখা যাবে সবুজ-মেরুন জার্সিতে। সিনিয়র দলের সহকারী কোচ বাস্তব রায়কেই কলকাতা লিগের দল পরিচালনার দায়িত্ব দিল মোহনবাগান সুপার জায়ান্ট। বাস্তব রায়ের তত্ত্বাবধানে বুধবার মোহনবাগান শুরু করবে কলকাতা লিগের প্রস্তুতি। মোহনবাগান মাঠে বিকেল সাড়ে চারটের অনুশীলন শুরু হবে। বাস্তবের সহকারী কোচ হিসেবে থাকবেন নীলাঞ্জন গুহ। যিনি আইএসএলের মরশুমে মহামেডান স্পোর্টিং ক্লাবের সহকারী হিসেবে মেহরাজুদ্দিনের সঙ্গে দায়িত্বে ছিলেন।গোলকিপার কোচ হিসাবে থাকছেন অভিজ্ঞ অভ্র মণ্ডল-ই।
বুধবার প্রস্তুতি শুরু হলেও ধাপে ধাপে দলের সঙ্গে যোগ দেবেন ফুটবলাররা। সায়ন ব্যানার্জিও শুরু থেকে থাকবেন না বলেই খবর। এবার কলকাতা লিগে সিনিয়র দলের রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের সঙ্গে সবুজ মেরুন জার্সিতে ঘরোয়া লিগে খেলতে দেখা যাবে কিছু জুনিয়র ফুটবলারকেও। দল গঠনের সময় জোর দেওয়া হয়েছে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের উপর। ঘরোয়া লিগের নিয়ম মেনে বঙ্গসন্তানের ভারসাম্য, ফেডারেশনের জুনিয়র লিগের কথা ভেবে বয়সের ভারসাম্য রাখার পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টের গত কয়েক বছরের ফুটবল দর্শন মেনে এমন কিছু ফুটবলারকে দলে নেওয়া হয়েছে যাঁরা পরবর্তী সময়ে সিনিয়র দলকে সাহায্য করতে পারেন। গতবার কলকাতা লিগে যে ফুটবলাররা সবুজ মেরুণ জার্সিতে ভাল খেলেছিলেন তাদের মধ্যে ১৬ জন তরুণ ও প্রতিভাবান ফুটবলারকে এবারও খেলতে দেখা যাবে। এঁদের মধ্যে আছেন প্রিয়াংশ দুবে, দীপ্রভাত ঘোষ, টংসিং, মিংমা শেরপা, করণ রাই, সাহিল ইনামদার ও সুবল টুডুরা। দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভেবে অনুর্ধ্ব ১৬ দল থেকে নেওয়া হয়েছে রাজদীপ পালকে। দলকে শক্তিশালী করতে নেওয়া হয়েছে সিনিয়র দলের রিজার্ভ বেঞ্চের ফুটবলার দীপ্পেন্দু বিশ্বাস, সুহেল ভাট, অভিষেক সূর্যবংশী, কিয়ান নাসিরি, উমের মুথেরের মতো অভিজ্ঞ ফুটবলারকে। তন্ময় ঘোষের মতো বাঙালি মিডফিল্ডার দলের রয়েছেন।
কলকাতা লিগের পাশাপাশি ডুরান্ড কাপে খেলার ব্যাপারেও ইতিমধ্যেই সম্মতি জানিয়ে চিঠি দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ১৫ জুলাই থেকে ডুরান্ড শুরু হওয়ার কথা। এবারও মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে চিঠি দিয়ে ডুরান্ড কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে প্রতিযোগিতায় বিদেশির সংখ্যা কমিয়ে ভারতীয় ফুটবলারদের খেলার সুযোগ করে দেওয়ার জন্য। গতবারও ক্লাবের পক্ষ থেকে এই অনুরোধ করা হয়েছিল ভারতীয় ফুটবলের উন্নতির কথা ভেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 2 =