কলকাতা : শুক্রবার ভরদুপুরে হঠাৎ প্রবল ঝড়, জল ও বৃষ্টির জেরে রাজ্য জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার জানিয়েছেন, এদিন দুপুরের পর থেকেই ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের কারণে কলকাতা ও তৎসংলগ্ন এলাকা এবং রাজ্যের বহু জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও মেদিনীপুর জেলাতে প্রচুর ক্ষতি হয়েছে। বহু বাড়ি ভেঙে পড়েছে এবং এ পর্যন্ত মোট ৭ জনের মৃত্যু হয়েছে।মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের দফতরগুলি পরিস্থিতির ওপর সার্বিক মনিটরিং করছে। রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই বিষয়ে সরাসরি নজরদারিতে রয়েছেন। তিনি নিজে সমস্ত দেখভাল ও তদারকির কাজ করছেন এবং পরিস্থিতির ওপর আগাগোড়া মনিটরিং চালাচ্ছেন।
মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন, “আমরা সরকারের তরফ থেকে মৃতদের পরিবারপিছু ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছি।” তবে এই প্রসঙ্গে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে, আর্থিক ক্ষতিপূরণ কখনও একটি মৃত্যুর বিকল্প হতে পারে না।
তিনি জানান, রাজ্য সরকারের তরফে আহতদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু সেটা এখন ঘোষণা করা হচ্ছে না; আগে তাঁদের চিকিৎসার সুব্যবস্থা করা হবে। এছাড়া কলকাতায় প্রচুর বড় বড় গাছ থাকার বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যেই মুখ্যসচিবকে পরামর্শ দেওয়া হয়েছে যাতে পরিবেশবিদদের সঙ্গে কথা বলে এই গাছগুলির বিষয়ে কী স্থায়ী ব্যবস্থা নেওয়া যায়, তা খতিয়ে দেখা হয়।

