কলকাতা : কলকাতা বিমানবন্দরে লিফট ছিঁড়ে বিপত্তি। এই দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে বিমানবন্দরে লিফট রক্ষণাবেক্ষণের কাজ চলছিল।
সেই সময়ে আচমকা লিফট ছিঁড়ে পড়ে। তার নীচে চাপা পড়েন রক্ষণাবেক্ষণের কর্মীরা। ৩ জন গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ১টা নাগাদ কলকাতা বিমানবন্দরের ৩৪ নম্বর লিফট ছিঁড়ে পড়ে। এই লিফট রক্ষণাবেক্ষণের জন্য বেশ কয়েকদিন ধরেই বন্ধ ছিল বলে জানা গিয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। বিমানবন্দরের ভিতরে যখন রক্ষণাবেক্ষণের কাজ চলছিল সেই সময় আচমকা লিফট ছিড়ে পড়ে যায় বলে জানা গিয়েছে।

