ত্বিশা শর্মা মৃত্যু মামলায় ১২ দিন পর শেষকৃত্য, মুখাগ্নি করলেন ভাই মেজর হর্ষিত

ভোপাল : অভিনেত্রী ও মডেল ত্বিশা শর্মার মৃত্যুর ১২ দিন পর রবিবার বিকেলে ভোপালের ভদভদা শ্মশানঘাটে সম্পন্ন হল তাঁর শেষকৃত্য। ত্বিশার ভাই মেজর হর্ষিত শর্মা মুখাগ্নি করেন। শেষযাত্রায় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। ত্বিশার মা-সহ পরিবারের সদস্যদের ভেঙে পড়তে দেখা যায়।

শেষকৃত্যের আগে রবিবারই দিল্লি এইমসের চার সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ভোপাল এইমসে ত্বিশার দেহের পুনরায় ময়নাতদন্ত করে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই প্রক্রিয়া। ময়নাতদন্তের বিস্তারিত ফরেন্সিক রিপোর্ট সিল করা খামে আদালত ও তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১২ মে রাতে ভোপালের কাটারা হিলস এলাকায় শ্বশুরবাড়িতে রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয় ত্বিশার। শ্বশুরবাড়ির পক্ষ ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করলেও, মৃতার পরিবারের অভিযোগ, পণের জন্য অত্যাচার চালিয়ে তাঁকে খুন করা হয়েছে।

এই বহুচর্চিত মামলায় সোমবার গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টে মামলার শুনানির পাশাপাশি, ভোপাল জেলা আদালতে ত্বিশার শাশুড়ি তথা অবসরপ্রাপ্ত বিচারক গিরিবালা সিংহের আগাম জামিন খারিজের আবেদন নিয়েও শুনানি হবে।

মামলার মূল অভিযুক্ত তথা ত্বিশার স্বামী সমর্থ সিং বর্তমানে সাত দিনের পুলিশ হেফাজতে রয়েছে। আদালত ইতিমধ্যেই তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। পুলিশ ঘটনার রাতের বিবরণ ও তাঁর বয়ানের সত্যতা যাচাই করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

এদিকে, মুখ্যমন্ত্রী মোহন যাদবের সম্মতির পর মামলাটি দ্রুত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + eighteen =