স্বাস্থ্য খাতে বাংলাকে ৩০০০ কোটিরও বেশি বরাদ্দ কেন্দ্রের, নবান্নে বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা : পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে এক বড়সড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। রাজ্যের সার্বিক স্বাস্থ্য খাতের জন্য কেন্দ্রের তরফে ৩০০০ কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। শনিবার রাজ্য সচিবালয় নবান্নে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

​মুখ্যমন্ত্রী জানান, ‘জাতীয় স্বাস্থ্য মিশন’ (এনএইচএম) প্রকল্পে রাজ্যকে ২,১০৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি, ‘আয়ুষ্মান ভারত’ স্বাস্থ্য প্রকল্পের অধীনে প্রথম পর্যায়ের কেন্দ্রীয় কর্মসূচি রূপায়ণে দিল্লি সরকার পশ্চিমবঙ্গকে আরও ৯৭০ কোটি টাকা সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। এই বিপুল আর্থিক বরাদ্দ শীঘ্রই রাজ্যের কাছে পৌঁছে যাবে।

​এই বরাদ্দের বিষয়ে এদিন দিল্লি ও কলকাতার মধ্যে প্রায় এক ঘণ্টার একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা উপস্থিত ছিলেন। কেন্দ্রের সঙ্গে আলোচনার পরই নবান্নে এই সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী।

​এদিনের হাইপ্রোফাইল সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং স্বরাষ্ট্র সচিব-সহ প্রশাসনের শীর্ষকর্তারা।

​​মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করেছেন যে, জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে ২,১০৩ কোটি টাকা মঞ্জুর হলেও, চলতি অর্থবর্ষের প্রথম ধাপে মোট বরাদ্দের এক-চতুর্থাংশ অর্থাৎ ৫২০ কোটি টাকারও বেশি অর্থ প্রাথমিকভাবে মিলবে। এই অর্থ দ্রুত ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রের এই বিপুল আর্থিক সহায়তার ফলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান ও পরিকাঠামো আগামীদিনে অনেকটাই উন্নত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + eleven =