নয়াদিল্লি : পথকুকুর সংক্রান্ত মামলায় নিজেদের আগের অবস্থানেই অনড় থাকল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই মামলা সংক্রান্ত এক শুনানিতে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, গত নভেম্বরের রায় তারা পরিবর্তন করতে চায় না।
এ দিন সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ জানিয়েছে, হাসপাতাল, স্কুল, রেল স্টেশন বা বাস স্টপেজের মতো এলাকা থেকে তুলে আশ্রয় শিবিরে পথকুকুরদের রাখার যে রায় গত বছরের ৭ নভেম্বর দেওয়া হয়েছিল, সেটিই বহাল থাকবে।
ওই রায় পুনর্বিবেচনার জন্য শীর্ষ আদালতে আবেদন জমা পড়েছিল। কিন্তু তার প্রেক্ষিতে এ দিন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কুকুরের কামড়ের মতো বিষয়কে অবহেলা করা যায় না। এ দিন শীর্ষ আদালতে শুনানি চলাকালীন পথকুকুরদের নির্বীজকরণ এবং টিকাকরণের উপরে জোর দেওয়া হয়েছে।

