৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের মামলার শুনানিতে সায় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বহুল চর্চিত ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি এবার আইনি লড়াইয়ের সর্বোচ্চ মঞ্চে পৌঁছল। সোমবার সুপ্রিম কোর্ট এই হাইপ্রোফাইল মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এই মামলায় জড়িত সমস্ত পক্ষকে নোটিস বা আইনি সমন জারি করেছে। আগামী আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। চাকরিপ্রাপকদের জন্য স্বস্তির বিষয় হল, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এই মুহূর্তে মামলার ওপর কোনও ধরনের অন্তর্বর্তী নির্দেশ বা স্থগিতাদেশ জারি করেনি।

সোমবার সুপ্রিম কোর্টে মামলার শুনানির সময় বিচারপতি দীপঙ্কর দত্ত এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করেন। বেঞ্চের তরফে বলা হয়, “যাঁরা আমাদের ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলছেন, তাঁদের সেই উপযুক্ত যোগ্যতা এবং সঠিক প্রশিক্ষণ আছে কিনা, তা সবার আগে নিশ্চিত করতে হবে।”

বিচারপতি দত্ত বলেন, আদালতের মূল লক্ষ্য এটাই দেখা যে, আগামী প্রজন্মের ভবিষ্যৎ যাঁদের হাতে ন্যস্ত করা হয়েছে, তাঁরা প্রকৃত অর্থেই সেই পদের যোগ্য কি না। শিক্ষকতার মতো পবিত্র পেশায় নিযুক্ত ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা ও পেশাদারী প্রশিক্ষণ নিয়ে কোনও রকম আপস করা চলে না বলেই মনে করে শীর্ষ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 1 =