চেন্নাই : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট কোট-স্যুট এখন রাজ্যের নতুন ফ্যাশন ট্রেন্ডে পরিণত হয়েছে। বাজারে এই স্টাইল ‘সিএম বিজয় লুক’ এবং ‘থালাপতি অফিসিয়াল স্টাইল’ নামে বিক্রি হচ্ছে। যুবসমাজ ও বিজয় অনুরাগীদের মধ্যে এই পোশাকের চাহিদা দ্রুত বাড়ছে।
সম্প্রতি তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তামিলগা ভেট্রি কাঝাগম ১০৮টি আসনে জয় পেয়ে বৃহত্তম দল হিসেবে উঠে আসে। এরপর ১০ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন জোসেফ বিজয়। শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর পরা কালো কোট, সাদা শার্ট ও কালো প্যান্টের সরল অথচ আকর্ষণীয় রাজনৈতিক লুক ব্যাপকভাবে আলোচনায় আসে।
মুখ্যমন্ত্রী হওয়ার পর সচিবালয়ের বৈঠক, সরকারি অনুষ্ঠান ও জনসভাতেও একই ধরনের পোশাকে দেখা যাচ্ছে বিজয়কে। সমর্থকদের একাংশের মতে, এই স্টাইল শৃঙ্খলা, সরলতা ও নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছে।
দক্ষিণী চলচ্চিত্র জগতে ‘থালাপতি’ নামে পরিচিত বিজয় বহুদিন ধরেই নিজের স্টাইল ও ফ্যাশন সেন্সের জন্য জনপ্রিয়। সিনেমায় তাঁর পোশাক, হেয়ারস্টাইল ও সংলাপ আগেও ট্রেন্ড হয়েছে। রাজনীতিতে এসেও সেই প্রভাব বজায় রয়েছে বলে মনে করছেন অনেকে।
তামিলনাড়ুর বিভিন্ন শহরে পোশাকের দোকান ও রেডিমেড ব্র্যান্ডগুলি ‘সিএম বিজয় লুক’ নামে বিশেষ কম্বো প্যাক বাজারে এনেছে। এই প্যাকে কালো প্যান্ট, সাদা শার্ট, কালো কোট ও কালো জুতো রাখা হয়েছে। দাম রাখা হয়েছে প্রায় ৪ হাজার টাকা। দোকানদারদের দাবি, কলেজ পড়ুয়া, যুবক ও রাজনৈতিক কর্মীদের মধ্যে এই স্টাইলের চাহিদা সবচেয়ে বেশি।
ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, বিজয়ের এই লুক প্রচলিত রাজনৈতিক পোশাকের থেকে আলাদা। সরল অথচ আধুনিক ও পেশাদার ইমেজ তৈরি করায় সাধারণ যুবসমাজের মধ্যেও এটি জনপ্রিয় হয়ে উঠছে।

