কলকাতা : অভয়া কাণ্ডে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আর জি কর-এর ঘটনায় সাসপেন্ড হলেন কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল, সেই সময় ডিসির দায়িত্বে থাকা ইন্দিরা মুখোপাধ্যায় ও আইপিএস অভিষেক গুপ্তকে।
শুক্রবার শুভেন্দুবাবু এ কথা জানিয়ে বলেন, আরজি কর হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার ফাইল ফের খোলা হবে।
ওই সময়ে বিভিন্ন পদে কর্মরত তিন আইপিএস অফিসার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। আপাতত তাঁদের সাসপেন্ড করা হচ্ছে।
২০২৪ সালের আগস্টে আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার সময় বিনীত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার। আরজি কর কাণ্ডের পর প্রবল আন্দোলনের মুখে তাঁর পদত্যাগের দাবি ওঠে। জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের প্রেক্ষিতে সে বছরের সেপ্টেম্বরে বিনীত-কে কলকাতার সিপি-র পদ থেকে সরিয়ে পুলিশের এসটিএফ-এর এডিজি ও আইজিপি পদে বদলি করে দেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক গুপ্ত ছিলেন কলকাতা পুলিশের ডিসি (নর্থ) পদে। তদন্তে গাফিলতির অভিযোগে তাঁকেও ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

