পাটনায় ব্ল্যাক আউট মক ড্রিল চলাকালীন মশলা ব্যবসায়ীকে গুলি করে খুন

পাটনা : বিহারের রাজধানী পাটনায় সিভিল ডিফেন্সের ‘ব্ল্যাক আউট’ মহড়া চলাকালীন এক মশলা ব্যবসায়ীকে গুলি করে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে সুলতানগঞ্জ থানার অন্তর্গত মুসাল্লেপুর হাট সবজি মান্ডি এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে। তড়িঘড়ি স্থানীয় মানুষ ও পরিজনরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও গভীর রাতে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান সিটি পুলিশ সুপার (পাটনা পূর্ব) পরিচয় কুমার এবং পাটনা সিটির অতিরিক্ত পুলিশ সুপার রাজকিশোর সিং। তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য ফরেনসিক টিমকেও ডাকা হয়, যারা ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছে।

সিটি এসপি পরিচয় কুমার জানান, শহরজুড়ে যখন সিভিল ডিফেন্সের ব্ল্যাক আউট মহড়া চলছিল, সেই অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এই হত্যাকাণ্ড চালায়। তিনি আরও জানান, ব্যবসায়ীকে অত্যন্ত কাছ থেকে গুলি করা হয়েছে।

মৃত ব্যবসায়ীর নাম পিন্টু কুমার (৩৫)। তিনি টিকিয়া টোলির বাসিন্দা নেপালি সাউয়ের ছেলে ছিলেন। পিন্টু কুমার মুসাল্লেপুর হাটে মশলার ব্যবসা করতেন। দুষ্কৃতীদের চিহ্নিত করতে এবং ঘটনার কিনারা করতে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =