কলকাতা : “৭ দিনের মধ্যেই কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ শুরু করতে হবে। কোনও ঢিলেঢালা চলবে না।” বুধবার এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৪১ টি দফতরের সচিবদের নিয়ে বৈঠকে তিনি এই নির্দেশ দেন।
মোদী সরকারের বিভিন্ন প্রকল্প এত দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হয় রাজ্যে চালুই করেনি অথবা ঠিক ভাবে রূপায়ণ করেনি বলে কেন্দ্রের অভিযোগ ছিল। প্রকল্প নিয়ে বৈঠকেও রাজ্যের কেউ আসতেন না। রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি না করায় পশ্চিমবঙ্গে জনগণনার কাজও শুরু হয়নি। বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন রাজ্য বিজেপি নেতৃত্বও।
এক মাসের মধ্যেই বিভিন্ন দফতরের বাজেট প্রস্তুত করতে হবে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য ও শিক্ষা- দুই মূল পরিষেবাই মুখ্যমন্ত্রীর নজরে। তিনি বলেন, আমি একদিন স্বাস্থ্য দফতরে যাব ও একদিন শিক্ষা দফতরে যাব। দফতরগুলিতে গিয়েই পর্যালোচনা করব। টালিগঞ্জের (ছবিপাড়ার) সমস্যা মেটাতে হবে। সবার সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নিতে হবে।’
মুখ্যমন্ত্রীর কথায়, ‘এর আগে দেখা গিয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরে নিয়ম মেনে টেন্ডার করা হয়নি। এবার নিয়ম মেনে টেন্ডার করতে হবে। সরকারি যা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী টেন্ডার হবে।’

