কলকাতা : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে গ্রেফতার হল তিনজন শার্প শুটার। উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করার পর তাদের কলকাতায় নিয়ে আসা হয়। রাতভর ভবানীভবনে চলে জিজ্ঞাসাবাদ। সোমবার বারাসত আদালতে ওই তিনজনকে তোলার কথা। এই ঘটনায় সিট গঠন করে চলছে তদন্ত। কে বা কারা এই ঘটনায় যুক্ত, তা জানতে ভিনরাজ্যে পাড়িও দেন তদন্তকারীরা।
ইতিমধ্যে তদন্তকারীরা খবর পান, আততায়ীরা ইউপিআই পেমেন্টের মাধ্যমে বালি টোলপ্লাজায় টাকা দেয়। ওই ডিজিটাল লেনদেন সূত্র ধরে উত্তর প্রদেশে পৌঁছন তদন্তকারীরা। খুনের পর সেখানে পালিয়ে গিয়েই গা ঢাকা দিয়েছিল তারা। সেখান থেকে ওই তিন শার্প শুটারকে গ্রেফতার করা হয়। এই শার্প শুটারদের কে বা কারা ‘সুপারি’ দিয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

