হাওড়া : সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক করার কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার আগে রবিবার কলকাতা ও হাওড়ার পুলিশ কমিশনার নবান্ন ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। তাঁদের সঙ্গে ছিলেন পুলিশের একাধিক পদস্থ কর্তা।
রবিবার বেলা গড়াতেই কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এবং হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী পৌঁছে যান নবান্নে। সঙ্গে ছিলেন পুলিশের বেশ কয়েক জন উচ্চপদস্থ আধিকারিকও। প্রথমেই দুই সিপি-র নেতৃত্বে নবান্ন চত্বর খতিয়ে দেখে পুলিশ। কোথায় কী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তার খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হয়।
নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর নিরাপত্তা কী রকম থাকবে, যেখানে তিনি বৈঠক করবেন সেই সভাঘরের নিরাপত্তা কেমন, তা সরেজমিনে খতিয়ে দেখে পুলিশ। তার পরে নবান্নের সভাঘরে অজয় এবং অখিলেশ নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করেন।

