শপথের দিন কালবৈশাখীর ভ্রুকুটি, শনিবারেও রাজ্যজুড়ে দফায় দফায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

কলকাতা : শপথ গ্রহণের দিন অর্থাৎ শনিবার রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখীর আশঙ্কা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। বিশেষ করে বিকেলের পর থেকে রাতের মধ্যে তিলোত্তমায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৬.৬ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় শহরে ৪৮.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার ছুঁতে পারে, যা কালবৈশাখীর রূপ নিতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শনিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণবঙ্গের তুলনায় প্রভাব কিছুটা কম থাকবে।

আবহাওয়াবিদদের মতে, পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গে প্রবেশ করছে, যার ফলেই এই বজ্রগর্ভ মেঘের সঞ্চার।

রবিবারও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে আবহাওয়া বদলাতে শুরু করবে। আকাশ পরিষ্কার হওয়ার পাশাপাশি বাড়বে রোদের তেজ। আগামী সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি সাধারণ মানুষকে ভোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =