চেন্নাই : কংগ্রেসের সমর্থনের পরও ম্যাজিক ফিগার থেকে দূরে টিভিকে। ফলে সরকার গড়তে পারছেন না তিনি। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণিত হলেই টিভিকে প্রধান বিজয় শপথ নিতে পারবেন। তামিলনাড়ুর রাজ্যপাল চাইছেন, রাজ্যে একটি স্থিতিশীল সরকার থাকুক। তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার বৃহস্পতিবার চেন্নাইয়ের লোক ভবনে তামিলগা ভেট্রি কাজাগামের প্রধান থিরু সি. জোসেফ বিজয়কে আমন্ত্রণ জানান। বৈঠকে রাজ্যপাল জানান, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ সমর্থন এখনও প্রতিষ্ঠিত হয়নি। ম্যাজিক ফিগার প্রমাণিত হলেই তিনি সরকার গঠন অথবা শপথ নিতে পারবেন।
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে দক্ষিণ ভারতের এই রাজ্যে অভূতপূর্ব সাফল্য পেয়েছে চিত্র তারকা তথা রাজনীতিবিদ বিজয়ের দল টিভিকে। দলের অভূতপূর্ব জয়ের পর নবনির্বাচিত বিধায়করা বিজয়কে তাঁদের দলনেতা নির্বাচিত করেছেন।
বিজয়ই যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন, তা এখন শুধু সময়ের অপেক্ষা। তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আরলেকের ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদ থেকে এম কে স্ট্যালিনের ইস্তফা গ্রহণ করেছেন।

