মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীর সহকারী

 

কলকাতা : ভোট-পরবর্তী বঙ্গে ফের ঝরল রক্ত। বুধবার রাতে মধ্যমগ্রামের রাজপথে ঝাঁঝরা হয়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ছোড়া গুলিতে ঘটনাস্থলেই নিথর হলেন প্রাক্তন বায়ুসেনা কর্মী।

রাত সাড়ে আটটা। দোহারিয়ার দিক থেকে ফিরছিলেন চন্দ্রনাথ। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকা বাইকে আসা দুষ্কৃতীরা গাড়ি থামিয়ে এলোপাথাড়ি গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ চালকের অবস্থাও সঙ্কটজনক। তাঁকে কলকাতায় পাঠানো হয়েছে।

ভবানীপুরের হাইভোল্টেজ লড়াইয়ে শুভেন্দুর প্রচারের অন্যতম মুখ ছিলেন চন্দ্রনাথ। ভাই দিব্যেন্দু অধিকারীর কথায়, “দাদার জয়ের পিছনে ওর শ্রম ছিল অপরিসীম। বাড়ি ফেরার পথেই শেষ করে দিল।”

ক্ষমতা হস্তান্তরের মুখে দাঁড়িয়ে রাজ্য। এরই মধ্যে বিরোধী শিবিরের প্রথম সারির কর্মীর এভাবে খুন রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তুলেছে। পুলিশ বিশাল বাহিনী নামিয়েছে এলাকায়। কিন্তু প্রশ্ন উঠছে, ভোট মিটতেই কেন ফের রাজ্যে শ্যুটআউটের রাজনীতি? কারা এর পিছনে?

বিজেপি ইতিমধ্যেই ‘গুন্ডা দমন’-এর হুঁশিয়ারি দিয়েছে। আর এই খুনের পর সেই হুঁশিয়ারিই নতুন মাত্রা পেল। শপথের আগেই আইন-শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিতে চাইছে গেরুয়া শিবির।

রাজ্যে পালাবদলের মুখে এই ধরণের ঘটনায় চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে, উত্তর খুঁজছে মধ্যমগ্রামবাসী তথা গোটা রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − ten =