সরকার গঠনের বিজ্ঞপ্তি জারির পরেই প্রশাসনিক তৎপরতা, রাজ্যপালের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

কলকাতা : নতুন সরকার গঠনের বিজ্ঞপ্তি জারি হতেই লোকভবনে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। বুধবার দুপুরে দ্বিতীয় দফায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে বৈঠকে যোগ দিতে আসেন মুখ্যসচিব দ্যুষ্মন্ত নারিয়ালা। উল্লেখ্য, নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পরেই জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দ্যুষ্মন্ত নারিয়ালাকে মুখ্যসচিবের পদে স্থলাভিষিক্ত করা হয়েছিল।

এদিন প্রথমার্ধে মুখ্য নির্বাচনী আধিকারিকের বৈঠক শেষ হওয়ার পরেই জরুরি ফাইল হাতে লোকভবনে প্রবেশ করেন মুখ্যসচিব। লোকভবনের অন্দরে রাজ্যপালের সঙ্গে তাঁর দীর্ঘক্ষণ আলোচনা চলে। নির্বাচন কমিশনের তরফে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার আনুষ্ঠানিক ঘোষণার পরেই এই জরুরি বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, লোকভবনের উত্তর গেটে তখন সংবাদমাধ্যমের উপচে পড়া ভিড়। নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও সাদা পোশাকের গোয়েন্দাদের। সব মিলিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশের অব্যবহিত পরেই বুধবার দফায় দফায় বৈঠক চলল লোকভবন, নবান্ন এবং নির্বাচন কমিশন দফতরে। সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি এখন মধ্যগগনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 1 =