কলকাতা : পশ্চিমবঙ্গের ১৪৪ নম্বর ফলতা বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত ভোটগ্রহণ সম্পূর্ণভাবে বাতিল করে সমস্ত ভোটকেন্দ্রে ফের নতুন করে ভোট নেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। শনিবার কমিশনের তরফে জারি হওয়া এক নির্দেশিকায় জানানো হয়েছে, ফলতা বিধানসভা এলাকার সব পোলিং স্টেশনে হওয়া ভোট ‘ভয়েড’ বা অকার্যকর বলে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সেখানে পুনর্নির্বাচন পরিচালনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
আগামী ২১ মে এই নির্বাচন সম্পন্ন হবে। কমিশনের নির্দেশে বলা হয়েছে, ২ মে ২০২৬ তারিখে জারি হওয়া এই আদেশ অবিলম্বে রাজ্য সরকারের গেজেটের বিশেষ সংখ্যায় প্রকাশ করতে হবে। সংশ্লিষ্ট সমস্ত স্টেকহোল্ডার, প্রশাসনিক আধিকারিক এবং কর্তৃপক্ষকে কমিশনের সিদ্ধান্ত সম্পর্কে দ্রুত অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, কমিশনের আদেশ কার্যকর করতে প্রয়োজনীয় সমস্ত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।
যদিও ভোট বাতিলের সুনির্দিষ্ট কারণ ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়নি, তবে রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই ফলতায় পুনর্নির্বাচনের দাবিতে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছিল। কমিশনের এই পদক্ষেপকে ঘিরে নতুন করে রাজ্যের রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

