আর্থিক জালিয়াতি মামলায় আই-প্যাক পরিচালকের জামিন মঞ্জুর

নয়াদিল্লি : আর্থিক জালিয়াতি (মানি লন্ডারিং) মামলায় গ্রেফতার আই-প্যাকের পরিচালক বিনেশ চন্দেলের জামিন মঞ্জুর করল দিল্লির পাটিয়ালা হাউস আদালত। অতিরিক্ত সেশনস বিচারক অমিত বনসল, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জামিনের বিরোধিতা না করায় তাঁকে মুক্তির নির্দেশ দেন।

বৃহস্পতিবার আদালতে আই-প্যাকের পরিচালক বিনেশ চন্দেলের আইনজীবী জানান, ইডিকে জামিনের বিরোধিতা করার যথেষ্ট সুযোগ দেওয়া হলেও তারা আপত্তি জানায়নি। ফলে মানি লন্ডারিং আইনের ধারা ৪৫-এর শর্ত এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। এরপরই আদালত তাঁর জামিন মঞ্জুর করে। ইডি সূত্রে জানা গিয়েছে, পিএসি কনসাল্টিং প্রাইভেট লিমিটেডে চন্দেলের ৩৩ শতাংশ শেয়ার রয়েছে এবং ওই সংস্থার বিরুদ্ধে অর্থপাচার আইনে তদন্ত চলছে। এই মামলায় প্রথমে দিল্লি পুলিশ এফআইআর দায়ের করে।

উল্লেখ্য, আই-প্যাকের পরিচালক প্রতীক জৈনের কলকাতার বাসভবনে ইডির তল্লাশি অভিযানের পর এই মামলার সূত্রপাত। তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী এই সংস্থাকে ঘিরে কয়লা কেলেঙ্কারি মামলায় তদন্ত চালানো হচ্ছে বলে ইডির দাবি। তবে এই অভিযোগ আগেই অস্বীকার করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =