কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের উত্তাপ বাড়িয়ে শুক্রবার কলকাতায় পৃথক দুটি মেগা রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকেলের দিকে উত্তর কলকাতায় প্রধানমন্ত্রী এবং দক্ষিণ কলকাতায় অমিত শাহের এই জোড়া কর্মসূচিতে কার্যত জনজোয়ার নামে। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাসভবন থেকে প্রধানমন্ত্রীর রোড শো শুরু হয়। বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে তিনি হুডখোলা গাড়িতে যাত্রা শুরু করেন। রাস্তার দুধারে হাজার হাজার মানুষের ভিড় সামলাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে হিমশিম খেতে হয়। মোদী হাত নেড়ে জনতার অভিবাদন গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর এই রোড শো বিধান সরণি হয়ে আমহার্স্ট স্ট্রিটে গিয়ে শেষ হয়। রাস্তার ধারের বাড়িগুলির ছাদ থেকেও সাধারণ মানুষকে পুষ্পবৃষ্টি করতে দেখা যায়।
অন্যদিকে, প্রায় একই সময়ে দক্ষিণ কলকাতায় রাসবিহারী অ্যাভিনিউ থেকে হাজরা মোড় পর্যন্ত রোড শো করেন অমিত শাহ। সেখানেও কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শাহের সফরের মূল লক্ষ্য ছিল দক্ষিণ কলকাতার ভোটারদের মন জয় করা। হুডখোলা ট্রাক থেকে ফুল ছুড়ে সমর্থকদের উৎসাহিত করেন তিনি। রোড শো চলাকালীন শাহ দাবি করেন যে, প্রথম দফার বিপুল ভোটাচরণই প্রমাণ দিচ্ছে রাজ্যে পরিবর্তনের হওয়া বইছে।
তিনি আরও বলেন যে, কলকাতার মানুষ এবার দুর্নীতি ও হিংসামুক্ত বাংলার পক্ষে রায় দেবেন। দুই শীর্ষ নেতার এই কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল মহানগরীকে। যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত হলেও সমর্থকদের উৎসাহে কোনো খামতি ছিল না। রাজনৈতিক মহলের মতে, দ্বিতীয় দফার ভোটের আগে খাস কলকাতায় এই জোড়া রোড শো শাসক দল তৃণমূলের ওপর বাড়তি চাপ তৈরি করবে।

