দক্ষিণ ২৪ পরগনা : পুর নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র মুখোমুখি হওয়া থেকে আপাতত স্বস্তি পেলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট জানিয়েছে, ভোট মেটার পরে তাঁকে হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে। গত কয়েক দিনের মধ্যে সুজিতকে একাধিক বার তলব করেছিল ইডি। তবে সুজিত জানিয়েছিলেন, তিনি ভোটের কাজে ব্যস্ত রয়েছেন। ভোট মিটলে হাজিরা দেবেন। বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের নির্দেশ, আগামী ১ মে সুজিতকে হাজিরা দিতে হবে ইডি দফতরে।
শুধু সুজিত নন, রাজ্যের আর এক মন্ত্রী রথীন ঘোষকেও একই মামলায় তলব করেছিল ইডি। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে বিধাননগর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজিত এবং মধ্যমগ্রাম কেন্দ্র থেকে লড়ছেন রথীন। ভোটের মুখে বার বার তাঁদের তলব নিয়ে চাপানউতর শুরু হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে পুর নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী রথীনকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সে সময় তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। ২০২৪ সালে জানুয়ারি এবং ২০২৫ সালের অক্টোবরে মন্ত্রী সুজিতের দফতর এবং বাড়িতে হয়েছিল ইডি-অভিযান। তাঁর ঘনিষ্ঠ কয়েক জনের ঠিকানাতেও তল্লাশি চালিয়েছিল ইডি।

