ইজলামাবাদে ব্যর্থ শান্তি আলোচনা, ইরানের সঙ্গে সমঝোতা হল না আমেরিকার; দেশে ফিরলেন ভ্যান্স

ইজলামাবাদ : দীর্ঘ প্রায় ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠকের পরও ইরান ও আমেরিকার মধ্যে কোনও সমঝোতা হল না। ইজলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় কোনও চুক্তি ছাড়াই দেশে ফিরলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স।

শনিবার শুরু হওয়া এই উচ্চপর্যায়ের বৈঠক রবিবার ভোর পর্যন্ত চলে। দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু—বিশেষ করে পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর নিরাপত্তা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধ পরিস্থিতি—নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত মতৈক্যে পৌঁছানো যায়নি।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স জানান, “দুঃখজনক হলেও সত্য, আমরা কোনও চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমাদের দৃষ্টিতে এটি ইরানের জন্য আরও বড় খারাপ খবর।” তিনি আরও স্পষ্ট করেন, আমেরিকার মূল দাবি ছিল—ইরান যেন কোনওভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি বা সেই সক্ষমতা অর্জনের পথে এগোতে না পারে। কিন্তু ইরান সেই শর্ত মানতে রাজি হয়নি বলেই আলোচনা ভেঙে যায়।

জানা গেছে, রবিবার স্থানীয় সময় সকাল ৭টা ৯ মিনিটে ‘এয়ার ফোর্স টু’ বিমানে করে পাকিস্তান ছাড়েন ভ্যান্স। এর আগে তিনি ইরানের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ সময় ধরে সরাসরি আলোচনা চালান, কিন্তু কোনও ফল মেলেনি।

এদিকে পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির-এর ভূয়সী প্রশংসা করে বলেন, তারা পরিস্থিতি সামাল দিতে এবং দুই দেশের মধ্যে সমঝোতা গড়ে তুলতে আন্তরিক চেষ্টা করেছেন।

অন্যদিকে, ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক মাধ্যমে জানান, আলোচনায় একাধিক বার্তা ও নথি বিনিময় হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। তবে কোনও সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

রাজনৈতিক মহলের মতে, এই ব্যর্থ আলোচনা পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং পারমাণবিক ইস্যু ঘিরে ভবিষ্যতে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − eleven =