জলপাইগুড়ি : “বাংলায় এবারে পরিবর্তন অবশ্যম্ভাবী”। আত্মবিশ্বাসী কণ্ঠে এই দাবি করলেন রূপোলি পর্দার নায়ক মিঠুন চক্রবর্তী। তাঁর দাবি, উত্তরবঙ্গ নিয়ে আমাদের অনেক আশা।
শুক্রবার তিনি মালবাজারে পা রাখতেই যেন সিনেমার দৃশ্য বাস্তবে দেখা যায়! রূপোলি পর্দার নায়ক মিঠুন চক্রবর্তীর হেলিকপ্টার মালবাজার আদর্শ বিদ্যাভবনের হ্যালিপ্যাডে নামতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থক ও ভক্তরা। কড়া নিরাপত্তার বলয়ে ঘেরা সেই মুহূর্তে তাঁকে প্রথম স্বাগত জানান জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়। সঙ্গে ছিলেন মালবাজারের বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডা এবং স্থানীয় নেতারা।
এর পরেই শুরু হয় ‘মিঠুন-ম্যাজিক’ । সমর্থকদের দেওয়া উত্তরীয়ে প্রায় ঢেকে যায় তাঁর মুখ, ছড়িয়ে পড়ে একপ্রকার উন্মাদনা।
পথযাত্রা শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংক্ষিপ্ত মন্তব্য করেন মিঠুন চক্রবর্তী। মালবাজারের বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডা বললেন, “মিঠুনদা এসেছেন, আমার জয় নিশ্চিত হয়ে গেল!”
মালবাজারের আর আর স্কুল ময়দান থেকে শুরু হয়ে পম্পা হল, কেলটেক্স মোড় হয়ে সুভাষ মোড়ে গিয়ে শেষ হয় এই রোড-শো । যদিও পরিকল্পনা ছিল ঘড়ি মোড় পর্যন্ত যাওয়ার, কিন্তু পরবর্তী কর্মসূচির জন্য সময়াভাবে মাঝপথেই ইতি টানতে হয় । এরপর অতিথিশালায় সংক্ষিপ্ত বিরতি নিয়ে
নাগরাকাটা কেন্দ্রের প্রার্থী পুনা ভেংরার সমর্থনে প্রচার করার জন্য বানারহাটের উদ্দেশে রওনা দেন প্রাক্তন অভিনেতা।

