নয়াদিল্লি : রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ভারতের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণন শুক্রবার সংসদ ভবনে বিহার থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্য হিসেবে নীতীশ কুমারকে শপথবাক্য পাঠ করান।
শপথ নেওয়ার পর নীতীশ কুমারকে আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে মোদী বলেন, নীতীশ কুমার দেশের অন্যতম অভিজ্ঞ নেতা। সুশাসনের প্রতি তাঁর অঙ্গীকার সর্বজনস্বীকৃত। বিহারের উন্নয়নে তিনি এক অবিস্মরণীয় অবদান রেখেছেন।
তাঁকে আবারও সংসদে দেখতে পাওয়াটা আনন্দের বিষয়। তিনি বহু বছর সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি নিশ্চিত যে, তাঁর ব্যাপক রাজনৈতিক অভিজ্ঞতা সংসদের মর্যাদা আরও বৃদ্ধি করবে। রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করায় আমি তাঁকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।

