গত তিন ম্যাচে পয়েন্ট হারিয়ে লিগের খেতাবের দৌড় থেকে খানিকটা পিছিয়ে পড়েছে মোহনবাগান। জামশেদপুর এফসির বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ মুহুর্তের গোলে ড্র করেছে সবুজ-মেরুণ ব্রিগেড৷ বুধবার ছুটির পর আবারও বৃহস্পতিবার অনুশীলনে ফিরল মোহনবাগান। এদিন যুবভারতীর প্র্যাক্টিস গ্রাউন্ডে অনুশীলনে অবশ্য চিন্তা বাড়ল বাগান কোচ সের্জিও লোবেরার। অনুশীলন চলাকালীনই চোট পেলেন মোহনবাগান মিডফিল্ডার আপুইয়া।
চোট পাওয়ার পর সঙ্গে সঙ্গেই দলের মেডিকেল টিম আপুইয়ার প্রাথমিক চিকিৎসা করেন। তারপরই রীতিমতো টেনে তুলে ধরে আপুইয়াকে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়। এরপর তড়িঘড়ি একদম প্র্যাক্টিস গ্রাউন্ডের সামনে গাড়ি এনে রাখা হয়। কোলে করে ড্রেসিংরুম থেকে বের করা হয় আপুইয়াকে। গাড়িতে উঠতেও বেশ কষ্ট করতে হল তাকে। চোট যে বড় আঘাত করেছে তা বুঝতে আর বাকি নেই। প্রায় কাঁধে ও এক পায়ে ভর দিয়ে গাড়িতে উঠলেন তিনি। মোহনবাগানের আগামী ১২ এপ্রিল পাঞ্জাব এফসি ম্যাচ রয়েছে ঘরের মাঠে। তার আগে দলের মিডফিল্ডের অন্যতম ভরসা আপুইয়ার চোটে বেশ থমথমে পরিবেশ বাগানে। সম্ভবত পাঞ্জাব ম্যাচে আপুইয়াকে পাবেন না সের্জিও লোবেরা। পরবর্তী নর্থইস্টইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচেও খেলতে পারবেন কিনা সন্দেহ। আপাতত কোথায় কতখানি চোট লেগেছে তা পরখ করে দেখা হবে। ম্যাসলের অবস্থা কেমন আছে তাও দেখা হচ্ছে। এছাড়াও শুরুর দিকে দলের সঙ্গে অনুশীলন করলেও পরের দিকে সাইডলাইনে দেখা গেল বাগান অধিনায়ক শুভাশিস বোসকে। থাইয়ে সম্ভবত অস্বস্তি অনুভব করছেন তিনি।

