◆ নৃত্যের মূর্ছনায় , ওড়িশি ঐতিহ্যে মুগ্ধ দর্শক
কলকাতা : ধ্রুপদী নৃত্যের আবহে এক স্মরণীয় সন্ধ্যার সাক্ষী থাকল তিলোত্তমা। পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মশতবর্ষ উপলক্ষে রবিবার আইসিসিআর-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ‘নটেশ্বর ক্লাসিক্যাল ডান্স ফেস্টিভ্যাল ২০২৬’।
আয়োজনে ছিল ‘নৃত্যানুসৃতি’ সংস্থা। বিশিষ্ট নৃত্য পরিচালক তমাল দাসের পরিকল্পনা ও নির্দেশনায় গোটা অনুষ্ঠানটি গড়ে ওঠে এক নিবেদিত শ্রদ্ধার্ঘ্য হিসেবে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা, অভিনেত্রী মানসী সিনহা এবং ডঃ মিশেল হ্যারিসন-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। মঞ্চে একের পর এক পরিবেশনায় ধরা পড়ে ধ্রুপদী নৃত্যের সৌন্দর্য ও গভীরতা। শিল্পীদের সাবলীল ভঙ্গিমা, নিখুঁত মুদ্রা ও তাল-লয়ের দারুণ সমন্বয় দর্শকদের মুগ্ধ করে। বিশেষভাবে ওড়িশি নৃত্যের নানা শৈলী ও উপস্থাপনা দর্শকদের কাছে হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্রবিন্দু।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল ‘নীল ক্রিয়েশন ফটোগ্রাফি’। পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় হিলিং টাচ, এজিই এবং লাহোরি জেরা। আয়োজকদের বক্তব্য, ধ্রুপদী নৃত্যের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য। এক আবেগঘন সাংস্কৃতিক আবহেই শেষ হয় এই বিশেষ আয়োজন।

