আরসিবি’র বিরুদ্ধে বড় হারের পর চেন্নাই সুপার কিংস শিবিরে সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে মহেন্দ্র সিং ধোনি-র অনুপস্থিতি। তিনি শুধু ব্যাটার বা উইকেটকিপার নন, একজন অসাধারণ নেতা—যার অভাবে মাঠে দলকে দিশা দেখানোর মতো কাউকে খুঁজে পাচ্ছে না সিএসকে। ফলে ম্যাচের শুরু থেকেই চেন্নাইকে দিশেহারা দেখিয়েছে। বিরাট কোহলি-র নেতৃত্বে আরসিবি ৩ উইকেটে ২৫০ রানের বিশাল স্কোর তোলে, যা এবারের আইপিএলের সর্বোচ্চ। এত বড় লক্ষ্য তাড়া করার মতো ব্যাটিং গভীরতা চেন্নাইয়ের নেই, সেটাই প্রমাণিত হল ম্যাচে। শুরুতেই রুতুরাজ গায়কোয়াড় ৭ এবং সঞ্জু স্যামসন মাত্র ৯ রানে আউট হয়ে গেলে চাপে পড়ে যায় দল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।সরফরাজ খান কিছুটা লড়াই করে ২৫ বলে ৫০ রান করলেও তা যথেষ্ট ছিল না। কার্তিক শর্মা, শিবম দুবে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন। শেষদিকে প্রশান্ত বীর ও জেমি ওভারটন কিছুটা লড়াই দেখিয়ে দলকে ২০০ পার করান, কিন্তু ততক্ষণে ম্যাচ হাতছাড়া। ২০৭ রানে থেমে গিয়ে ৪৩ রানে হারে চেন্নাই, আর টানা তিন হারে লিগ টেবিলের তলানিতে নেমে যায় তারা।

