খেলো ইন্ডিয়া ট্রাইবাল চ্যাম্পিয়ন রঞ্জন ভট্টাচার্যের বাংলা

প্রথমবার খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের চ্যাম্পিয়ন বাংলা। ফুটবলে সোনার পদক জয় রঞ্জয় ভট্টাচার্যের প্রশিক্ষণাধীন বাংলা। ফাইনালে ছত্তিশগড়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল বাংলার ছেলেরা। শুক্রবার সকালে রায়পুরের কোটায় স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন চাকু মান্ডি।
কেন্দ্রীয় সরকারের নেতৃত্বাধীন খেলো ইন্ডিয়ার প্রকল্পে প্রথমবার দেশজুড়ে আয়োজিত হল আদিবাসী সম্প্রদায়ভুক্ত ক্রীড়াবিদদের প্রতিযোগিতা। ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় ৩০০০ ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায়। এর মধ্যেই চ্যাম্পিয়ন হল বাংলা। ফাইনাল জেতা যদিও বাংলার পক্ষে অত সহজ ছিল না। ম্যাচের ১২ মিনিটে পেনাল্টিও মিস করেন বিজয় মুর্মু। প্রথমার্ধ শেষের কিছু আগে ফের পেনাল্টি পায় বাংলা। স্পটকিক থেকে বাঁদিকের জালে বল জড়িয়ে দেন চাকু মান্ডি।
গতবারের সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। এবার আশানুরূপ ফল হয়নি। সেই আক্ষেপ হয়তো কিছুটা হলেও মেটাতে পারলেন চাকু মান্ডি, বিজয় মূর্মূ, দিলীপ ওঁরাও-রা। বাংলাকে ভারতসেরা করে কোচ রঞ্জন ভট্টাচার্য জানালেন, এদিন তাঁর মায়ের প্রয়াণবার্ষিকী। আজকের দিনে চ্যাম্পিয়ন হয়ে মাকে হারানোর যন্ত্রণা কিছুটা হলেও ভুলতে পারবেন তিনি। বললেন, “সব কৃতিত্ব ফুটবলারদের। ওরা দারুণ খেলেছে। আমি শুধু ওদের পথ দেখিয়েছি। গোটা টুর্নামেন্ট জুড়ে আমরা দাপট দেখিয়েছি। আমি সুরুচি সংঘের কর্ণধার স্বরূপ বিশ্বাসকে কথা দিয়েছিলাম চ্যাম্পিয়ন করব। সেই কথা রাখতে পেরেছি। ম্যাচের শেষ দু’মিনিটে আমার ৫ বছর আগে সন্তোষ ট্রফি ফাইনালের কথা মনে পড়ছিল। সেইবার টাইব্রেকারে হেরেছিলাম। এদিন চ্যাম্পিয়ন হয়ে কিছুটা ক্ষত কমল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + fourteen =