বিশাখাপত্তনম : আরও শক্তি বাড়ল ভারতের। শুক্রবার নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হল অত্যাধুনিক রণতরী তারাগিরি। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে উন্নত স্টেলথ ফ্রিগেট তারাগিরির কমিশনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সিডিএস জেনারেল অনিল চৌহান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি এবং অন্যান্য ঊর্ধ্বতন নৌ আধিকারিকরা।
প্রতিরক্ষা মন্ত্রী এদিন বলেন, “যখন আমাদের প্রধানমন্ত্রী ২০৪৭ সালের মধ্যে একটি বিকশিত ভারত গড়ার কথা বলেন, তখন সেই রূপকল্পে নৌশক্তির ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ১১,০০০ কিলোমিটারেরও বেশি উপকূলরেখা এবং তিন দিক থেকে সমুদ্রবেষ্টিত আমাদের এই দেশ সমুদ্রকে বাদ দিয়ে নিজস্ব উন্নয়নের কথা কল্পনাও করতে পারে না।
আমাদের প্রায় ৯৫ শতাংশ বাণিজ্য সামুদ্রিক পথেই সম্পন্ন হয়। আমাদের জ্বালানি নিরাপত্তাও সমুদ্রের ওপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতে এটা স্পষ্ট যে, একটি শক্তিশালী ও সক্ষম নৌবাহিনী আমাদের জন্য কেবল একটি বিকল্প নয়, বরং একটি অপরিহার্য প্রয়োজন।”

