১৫ জেলার ১৭০ বক্সারের লড়াই, জাতীয় মঞ্চের লক্ষ্যে উঠে এল নতুন প্রতিভা

জমজমাট রাজ্য বক্সিং চ্যাম্পিয়নশিপ

কলকাতা : শহর কলকাতায় তিন দিনব্যাপী উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর শেষ হল ‘রাজ্য বক্সিং চ্যাম্পিয়নশিপ – ২০২৬’। কলকাতা জেলা বক্সিং অ্যাসোসিয়েশন ও আলিপুর সর্বজনীন ক্লাব বক্সিং অ্যাকাডেমি (চেতলা)-র যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা ২৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

পশ্চিমবঙ্গের মোট ১৫টি জেলা থেকে প্রায় ১৭০ জন বক্সার এই চ্যাম্পিয়নশিপে অংশ নেন। ‘যুব পুরুষ’, ‘যুব মহিলা’, ‘জুনিয়র বালক’ ও ‘জুনিয়র বালিকা’—এই চারটি বিভাগে দলগত ও ব্যক্তিগত শিরোপার জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। প্রতিটি বিভাগে ১০টি করে পৃথক ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা পুরো আয়োজনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে। এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা বক্সাররা এবার জাতীয় স্তরে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করেন।

যুব বিভাগে নির্বাচিতরা আগামী ১৩ থেকে ১৯ এপ্রিল অসমের গুয়াহাটি সংলগ্ন সোনাপুরে অনুষ্ঠিত ‘৮ম জাতীয় যুব পুরুষ ও মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ’-এ অংশ নেবেন। অন্যদিকে জুনিয়র বিভাগে নির্বাচিত বালক ও বালিকারা ৪ থেকে ১১ এপ্রিল মহারাষ্ট্রের নাগপুরে আয়োজিত ‘৭ম অনূর্ধ্ব-১৭ জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ’-এ নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক স্বপন বন্দ্যোপাধ্যায়, উদ্যোক্তা কুণাল সাহা ও অনুষ্ঠান আহ্বায়ক তথা ক্লাব সভাপতি সাহেব দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + eleven =