নয়াদিল্লি : উড়ান সংস্থা ইন্ডিগো কলকাতা এবং চিনের সাংহাইয়ের মধ্যে প্রতিদিন সরাসরি বিমান চলাচল শুরু করেছে। কলকাতা থেকে চিনের জন্য এটি দ্বিতীয় সরাসরি বিমান পরিষেবা, যা ভারত ও চিনের মধ্যে বাণিজ্য ও পর্যটনকে আরও উৎসাহিত করবে।
ইন্ডিগো সোমবার জারি করা এক বিবৃতিতে জানিয়েছে যে, গত ২৯ মার্চ থেকে কলকাতা ও সাংহাইয়ের মধ্যে প্রতিদিন বিরতিহীন (নন-স্টপ) বিমান শুরু করা হয়েছে। এর ফলে সংস্থার আন্তর্জাতিক পরিষেবা আরও বিস্তৃত হলো এবং ভারত ও চিনের মধ্যে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হলো। উড়ান সংস্থা জানিয়েছে, এই রুটে ‘এ৩২০ নিও’ বিমান ব্যবহার করা হবে, যাতে দুই দেশের মধ্যে ব্যবসা এবং ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা মেটানো যায়। এই নতুন পরিষেবাটি চিনে ইন্ডিগোর সাম্প্রতিক সম্প্রসারণের আরও একটি পদক্ষেপ।
এর আগে কলকাতা-গুয়াংঝুর মধ্যে বিমান পুনরায় শুরু হয়েছিল এবং দিল্লি থেকেও বিমান পরিষেবা শুরু করা হয়েছে। এই নতুন পরিষেবা যুক্ত হওয়ার ফলে এয়ারলাইনটি এখন চীনের জন্য প্রতি সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। উড়ান সংস্থা জানিয়েছে, তাদের নেটওয়ার্কে সাংহাইকে যুক্ত করার মাধ্যমে ইন্ডিগো ভ্রমণের বিকল্পগুলি বাড়িয়ে চলেছে এবং বিশ্বের দুটি জনবহুল দেশের মধ্যে বাণিজ্য ও পর্যটনের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করছে। এর ফলে এখন দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, আমদাবাদ, পুনে, জয়পুর, ভুবনেশ্বর সহ একাধিক ভারতীয় শহর কলকাতার মাধ্যমে সাংহাইয়ের সঙ্গে সহজেই যুক্ত হতে পারবে।
ইন্ডিগোর গ্লোবাল সেলস প্রধান বিনয় মালহোত্রা বলেন, “কলকাতা ও সাংহাইয়ের মধ্যে আমাদের প্রতিদিনের সরাসরি বিমান পরিষেবা শুরু করতে পেরে আমরা আনন্দিত। এর ফলে ভারত ও গণপ্রজাতন্ত্রী চিনের মধ্যে যোগাযোগ আরও মজবুত হবে।” তিনি জানান, কলকাতা থেকে এই বিমানটি রাত ৯:৪৫ মিনিটে ছেড়ে পরের দিন ভোর ৪:৪০ মিনিটে সাংহাই পৌঁছাবে। ফিরতি বিমানটি ভোর ৫:৪০ মিনিটে সাংহাই থেকে ছেড়ে সকাল ৯:০৫ মিনিটে কলকাতায় পৌঁছাবে।

