কলকাতা : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের পুলিশ প্রশাসনে আরও এক দফা বড় রদবদল করল নির্বাচন কমিশন। রবিবার জারি হওয়া নির্দেশে রাজ্যের মোট ১৭০টি থানার ওসি-কে সরিয়ে দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে ভবানীপুর, নন্দীগ্রাম-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা।
শুধু থানার ওসি নয়, একসঙ্গে উচ্চপদস্থ ১১ জন আধিকারিক-সহ মোট ১৮৪ জন পুলিশ আধিকারিকের বদলি ও পুনর্বিন্যাসে অনুমোদন দিয়েছে কমিশন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সুপারিশের ভিত্তিতেই এই রদবদল কার্যকর করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—রাজ্যের প্রায় সব জেলাতেই এই পরিবর্তনের প্রভাব পড়েছে।
তালিকায় দেখা যাচ্ছে, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায় থানার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। কলকাতা পুলিশ এলাকাতেও একাধিক থানার ওসি বদল করা হয়েছে, যার মধ্যে ভবানীপুরও রয়েছে।
নন্দীগ্রাম, খেজুরি, চণ্ডীপুরের মতো রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকাতেও নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে অন্য আধিকারিকদের।

