কলকাতা : কসবায় ফের হত্যাকাণ্ড। এবার স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করলো পুলিশ। রবিবার ভোরে কসবার বোসপুকুরে এই খুনের ঘটনা ঘটে। ধৃতের নাম বিনোদ। স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত প্রায়ই মত্ত অবস্থায় বাড়ি ফিরত। স্ত্রী স্বপ্নার কাছে টাকা চাইত। টাকা না-দিলে অশান্তিও করত। শনিবার রাতেও তাঁদের মধ্যে অশান্তি হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে বাড়ি ফিরেছিল অভিযুক্ত বিনোদ। বাড়িতে ঢুকেই স্বপ্নার কাছ থেকে টাকা চায় সে। তবে টাকা দেননি স্ত্রী। আর তাতেই রেগে অশান্তি শুরু করে। কিছু ক্ষণ পরই বেরিয়ে যায়। রবিবার ভোরে আবার বাড়ি ফিরে আসে। দরজায় বার বার ধাক্কা দেওয়ায় তার মেয়ে দরজা খুলে দেয়। ঘরে ঘুমাচ্ছিল স্বপ্না।
অভিযোগ, আচমকাই সেই সময় স্ত্রীর পেটে পর পর ছুরি দিয়ে আঘাত করে বিনোদ। মহিলার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। পালানোর সময় তাঁকে ধরে ফেলে প্রতিবেশীরা। স্বপ্নকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

