বাঘাযতীনে বন্ধুর আবাসনে খুন যুবক, গ্রেফতার ৪ অভিযুক্ত

কলকাতা : কলকাতার বাঘাযতীনে বন্ধুর আবাসনে খুন হলেন এক যুবক। মৃতের নাম – রাহুল দে (৩৫)। বুধবার রাতে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকার একটি ফ্ল্যাটে গিয়েছিলেন রাহুল। তাঁকে ফ্ল্যাটে ডেকেছিলেন বন্ধু জিৎ মুখোপাধ্যায়। রাত সাড়ে ১২টা নাগাদ কয়েক জন দুষ্কৃতী ফ্ল্যাটে ঢোকে বলে দাবি করেছে জিতের পরিবার। তার পরই তারা গুলি চালাতে শুরু করে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাহুলের। গুলিতে জখম হয়েছেন জিৎও।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মধ্যরাতে বাঘাযতীন পূর্ব ফুলবাগান এলাকায় একটি চার তলা আবাসনের ছাদ থেকে গুলির শব্দ পান তাঁরা। তার পরেই খবর দেওয়া হয় পাটুলি থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশের হোমিসাইড শাখাও। কী ভাবে দুষ্কৃতীরা ফ্ল্যাটে ঢুকে গুলি চালিয়ে বেরিয়ে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে ধরেছে পুলিশ। ধৃতরা হল দীপ রায়, বিধান বন্দ্যোপাধ্যায়, রাজা বণিক এবং জয়ন্ত ঘোষ। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, জুয়া খেলার টাকা ভাগ-বাঁটোয়ারা করা নিয়ে বচসার জেরেই এই ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 4 =