■ দুবাই থেকে স্বস্তিকা কুমার
মধ্যপ্রাচ্যে সংঘাতের মাঝেই নতুন বিপদের ভ্রূকুটি, ৩ দিনের সতর্কতা জারি
ইরান ও ইজরায়েল-এর মধ্যে চলা উত্তেজনার আবহে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল ইতিমধ্যেই তটস্থ। তার মধ্যেই এই প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে প্রবাসী ও স্থানীয়দের মধ্যে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ সংযুক্ত আরব আমিরশাহিতে আবারও জারি হয়েছে খারাপ আবহাওয়ার সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, একটি শক্তিশালী নিম্নচাপের প্রভাবে আগামী তিন দিনে আবহাওয়ার আরও অবনতি হতে পারে। বিশেষ করে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টি, বজ্রঝড় এবং প্রবল দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে টানা বৃষ্টিপাত হচ্ছে। দুবাই ও আবুধাবি-সহ একাধিক অঞ্চলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। রাস্তায় জল জমে তৈরি হয়েছে তীব্র যানজট, কমেছে দৃশ্যমানতা, ফলে নিত্যদিনের যাতায়াত হয়ে উঠেছে অত্যন্ত কঠিন। কিছু এলাকায় প্রায় এক বছরের সমপরিমাণ বৃষ্টিপাত ইতিমধ্যেই রেকর্ড হয়েছে, যা মরুভূমির এই দেশে অত্যন্ত বিরল ঘটনা।
আবহাওয়াবিদদের মতে, বুধবার বিচ্ছিন্নভাবে বৃষ্টি চললেও বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তা আরও তীব্র আকার ধারণ করবে এবং সারা দেশে ছড়িয়ে পড়বে। প্রবল ঝড়ো হাওয়া, শিলাবৃষ্টি, আকস্মিক বন্যা এমনকি বিরল টর্নেডোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে বলে পূর্বাভাস। প্রশাসনের তরফে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অপ্রয়োজনীয় বাইরে না বেরোনো, গাড়ি ধীরে চালানো এবং নিয়মিত আবহাওয়ার আপডেট নজরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে, প্রকৃতির এই অস্বাভাবিক রুপের সামনে সতর্কতাই এখন একমাত্র ভরসা।

