অভিষেক ডালমিয়ার স্বপ্নের উদ্যোগে জমে উঠেছে এনসিসি বেবি লিগ

২৫ মার্চ ফাইনালে লড়াই পল্লীশ্রী বনাম পাটুলির

কলকাতা : কলকাতার ক্রিকেটমঞ্চে এক নতুন স্বপ্নের নাম এখন ‘এনসিসি বেবি লিগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’। এই টুর্নামেন্টের মূল প্রেরণা অভিষেক ডালমিয়া, যিনি দিনরাত এক করে ছোটদের ক্রিকেট খেলায় উত্সাহিত করে চলেছেন। তাঁর এই উদ্যোগে অনূর্ধ্ব ১০-এর ক্রিকেটারদের জন্য তৈরি হয়েছে এক অনন্য প্ল্যাটফর্ম, যা ইতিমধ্যেই মন জয় করে নিচ্ছে আট থেকে আশির।মঙ্গলবার সেমিফাইনালের খেলায় উপস্থিত ছিলেন অভিষেক ডালমিয়া ও তাঁর স্ত্রী শালিনী ডালমিয়া। মাঠে খুদে ক্রিকেটারদের উৎসাহ ও প্রতিভার ঝলক দেখে দু’জনেই মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন। অভিষেক নিজেও জানান, এই শিশুদের খেলা দেখে তাঁর আবার মাঠে নামতে ইচ্ছে করছে—এ যেন এক নস্টালজিয়ার স্পর্শ।

প্রথম সেমিফাইনালে পল্লীশ্রী ৫৮ রানে হারায় বিক্রম ক্রিকেট অ্যাকাডেমিকে। নির্ধারিত ১০ ওভারে ১১৬-৩ রান তোলে পল্লীশ্রী। শৌভিক ঘোষের দুরন্ত ৬৩ রানের ইনিংস তাকে ম্যাচের সেরা করে তোলে। জবাবে বিক্রম অ্যাকাডেমি মাত্র ৫৮-৯-এ থেমে যায়। দ্বিতীয় সেমিফাইনালেও একপেশে জয় পায় পাটুলি ক্রিকেট অ্যাকাডেমি। জগাছা থানার করা ৫৯-৪ রান সহজেই তাড়া করে তারা, হাতে থাকে পাঁচ বল।

অভ্রজিৎ বিশ্বাসের ৪৬ রানের ইনিংস তাকে আবারও ম্যাচের সেরা করে—পরপর চার ম্যাচে এই কৃতিত্ব তার ঝুলিতে। এই প্রতিযোগিতা ঘিরে উৎসাহ এতটাই যে মাঠে উপস্থিত ছিলেন বৈশালী ডালমিয়া, শ্রীমন্ত মল্লিকসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। সিএবির অবজার্ভার কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিক ছোটদের এই খেলা দেখে আশাবাদী, এরাই একদিন মুখ উজ্জ্বল করবে বলে। এখন নজর ফাইনালে।২৫ মার্চ মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমির মাঠে ট্রফির লড়াইয়ে নামবে পল্লীশ্রী ও পাটুলি ক্রিকেট অ্যাকাডেমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =