কলকাতা : ফের আরজি কর হাসপাতালের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ। হাসপাতালে ট্রমা কেয়ারে চিকিৎসা করাতে আসা বিশ্বজিৎ সামন্ত নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সোমবার বিতর্ক সৃষ্টি হয়েছে। হাসপাতালের বিরুদ্ধে অব্যবস্থা ও গাফিলতির অভিযোগ উঠেছে। রোগীর পরিবারের অভিযোগ, স্ট্রেচার ছাড়াই রোগীকে হাঁটিয়ে শৌচালয়ে নিয়ে যাওয়া হয়, এর পরেই মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে।
আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ারে ফের অব্যবস্থার অভিযোগ। চিকিৎসা করাতে এসে হাসপাতালের অব্যবস্থার কারণে এক রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পরিবার। অভিযোগ, শৌচালয়ে যাওয়ার জন্য স্ট্রেচারটুকুও মেলেনি। হাঁটতে গিয়ে অচৈতন্য হয়ে পড়েন বিশ্বজিৎ সামন্ত নামের ওই রোগী। তার পরেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ।
অভিযোগ, হাসপাতালের যেখানে ওই রোগীর চিকিৎসা চলছিল, সেখানে কাছাকাছি কোনও শৌচালয় ছিল না। কর্মীদের জিজ্ঞাসা করা হলে বাইরে বা দোতলায় নিয়ে যেতে বলা হয়। দোতলায় ওঠার জন্য স্ট্রেচারও দেওয়া হয়নি। অসুস্থ অবস্থায় হেঁটে হেঁটে দোতলার শৌচালয়ে যেতে গিয়েই ওই রোগীর মৃত্যু হয়েছে, দাবি তাঁর পরিজনদের। এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

