হর্ষিতের পর এবার আকাশদীপ,  চোটে বিপর্যস্ত কেকেআর শিবির

আইপিএল শুরুর আর মাত্র এক সপ্তাহ বাকি, তার মধ্যেই বড়সড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স শিবির। চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন বাংলার জোরে বোলার আকাশদীপ। শনিবার আনুষ্ঠানিক ভাবে এই খবর নিশ্চিত করেছে কেকেআর কর্তৃপক্ষ। ফলে দলের বোলিং বিভাগে চাপ আরও বেড়ে গেল।
আগেই জানা গিয়েছিল, মুস্তাফিজুর রহমান এবং হর্ষিত রানাকে নিয়েও অনিশ্চয়তা রয়েছে। সেই তালিকায় এবার যোগ হল আকাশদীপের নাম। ফলে আইপিএল শুরুর আগেই কার্যত দুর্বল হয়ে পড়েছে নাইটদের পেস আক্রমণ। দলের কর্তা মহলের এক সদস্য জানিয়েছেন, চোটের কারণে পুরো আইপিএলেই আকাশদীপকে পাওয়া যাবে না, যা দলের জন্য অত্যন্ত হতাশাজনক।
২৯ বছর বয়সি এই পেসারকে এবারের নিলামে ১ কোটি টাকায় দলে নিয়েছিল কেকেআর। তাঁর উপর যথেষ্ট ভরসা ছিল টিম ম্যানেজমেন্টের। কিন্তু প্রতিযোগিতা শুরুর আগেই তাঁকে হারানো বড় ধাক্কা হিসেবে দেখছেন অনেকে। বর্তমানে তিনি বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। যদিও তাঁর চোটের প্রকৃতি বা কবে মাঠে ফিরবেন, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
১৮ মার্চ থেকে ইডেন গার্ডেন্সে অনুশীলন শুরু করেছে কেকেআর। কিন্তু সেই শিবিরে যোগ দেননি আকাশদীপ। এতে শুরু থেকেই পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য হয়েছে দল। এর মধ্যেই হর্ষিত রানার বিকল্প বোলারও এখনও চূড়ান্ত করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
এদিকে শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানাকে কবে থেকে দলে পাওয়া যাবে, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। সব মিলিয়ে টুর্নামেন্ট শুরুর আগে কেকেআর কার্যত চাপে পড়ে গিয়েছে।
আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। কেকেআরের প্রথম ম্যাচ ২৯ মার্চ, প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বোলিং বিভাগকে নতুন করে সাজানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 9 =