কলকাতা : চোখ জুড়ে অন্ধকার, তবু আশার আলো জ্বালিয়ে বাংলায় অ্যাথলিটকে গর্বের মুহূর্ত এনে দিলেন দার্জিলিংয়ের অ্যাথলিট। ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত ২৪তম প্যারা ন্যাশনাল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেন বাংলার অ্যাথলিট বিকি ওরাঁও। দার্জিলিং জেলার নিজবাড়ি রেলওয়ে কলোনির বাসিন্দা বিকি ৪০০ মিটার দৌড়ে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জিতেছেন।
১৭ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত এই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে নিজের পারফরম্যান্সের জোরে নজর কেড়েছেন বিকি। আংশিক দৃষ্টিহীন (টি-১২ ক্যাটাগরি) হয়েও তাঁর এই সাফল্য নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক।
বাংলার মোট ১৩ জন খেলোয়াড় ও কর্তা এই প্রতিযোগিতায় অংশ নেন। তাঁদের মধ্যে বিকির এই পদক রাজ্যের ক্রীড়া মহলে গর্বের মুহূর্ত এনে দিয়েছে। এই সাফল্যে বিকি ওরাঁও-কে অভিনন্দন জানিয়েছেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায়চৌধুরী। তিনি আশাবাদী, ভবিষ্যতেও বিকি আরও বড় মঞ্চে সাফল্য অর্জন করে রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করবেন।প্রতিকূলতাকে জয় করে বিকির এই সাফল্য ক্রীড়াজগতে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

