নয়াদিল্লি : ভারতের মাটি ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার অনুমতি দেওয়া হয়েছে—সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে খারিজ করল বিদেশ মন্ত্রক। শনিবার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, এই দাবি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। নাগরিকদের এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট-চেক ইউনিট স্পষ্ট করে জানিয়েছে, ভারত কোনও দেশকেই নিজের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনও দেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর অনুমতি দেয়নি। এ ধরনের খবরের সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।
মন্ত্রক আরও জানিয়েছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং শুধুমাত্র সরকারি সূত্র থেকেই তথ্য যাচাই করা উচিত।
উল্লেখ্য, ‘এক্স’ প্ল্যাটফর্মে একটি পোস্টে দাবি করা হয়েছিল, পশ্চিম ভারতের একটি ঘাঁটি থেকে ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্র অনুমতি চেয়েছে। সেই দাবিকে ২০১৬ সালে স্বাক্ষরিত ভারত-আমেরিকার লজিস্টিক্স এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট (লেময়া )-এর সঙ্গে যুক্ত করে দেখানো হয়।
বিশেষজ্ঞদের মতে, লেময়া একটি লজিস্টিক সহায়তা চুক্তি, যার মাধ্যমে দুই দেশের সেনাবাহিনী পরস্পরের ঘাঁটি জ্বালানি ভরানো, মেরামত, সরঞ্জাম সরবরাহ, যৌথ মহড়া ও মানবিক সাহায্যের কাজে ব্যবহার করতে পারে। তবে এই চুক্তি কোনওভাবেই তৃতীয় দেশের বিরুদ্ধে সামরিক হামলার অনুমতি দেয় না।

