কলকাতা : শুক্রবার সকালে এসএসকেএম হাসপাতাল থেকে উদ্ধার হলো এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। জানা গিয়েছে, মৃত যুবক হাসপাতালের সাফাইকর্মী। এ দিন সকালে হাসপাতালের গ্যাস্ট্রো বহির্বিভাগের কাছে চারতলা থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম ইমরান সর্দার (২২)। তিনি হাসপাতালের গ্যাস্ট্রো বিভাগে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করতেন।
হাসপাতাল সূত্রে খবর, সকালে হাসপাতালের কর্মীরাই প্রথম ঝুলন্ত দেহটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে।
অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো শুক্রবার সকালে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বহির্বিভাগ খুলতে গিয়েছিলেন হাসপাতালে অন্য কর্মীরা। সেই সময় চারতলার ৮ নম্বর ঘরে ইমরানের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। আত্মহত্যা না কি খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।

