কলকাতা : বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা ও শিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রাজাকে তামিলনাড়ুর নির্বাচনে অবজার্ভার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এ বার বৃহস্পতিবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করল কমিশন। ওই দুই পুলিশ কমিশনার আগের পদেই বহাল থাকবে বলে খবর। মুরলীধর বিধাননগর পুলিশের কমিশনার পদে কর্মরত ছিলেন, অন্যদিকে রাজা শিলিগুড়ি পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। অর্থাৎ তাঁরা পূর্ববর্তী পদেই বহাল থাকবেন।
আপাতত ভিন্রাজ্যে যেতে হচ্ছে না পশ্চিমবঙ্গের দুই কমিশনারেটের পুলিশ কমিশনারকে। বুধবার রাতে নির্বাচন কমিশন জানিয়েছিল, বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রাজাকে ভোটে পর্যবেক্ষক হিসাবে তামিলনাড়ুতে পাঠানো হচ্ছে।
সূত্রের খবর, আপাতত সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করা হয়েছে। তবে রাজ্যের বাকি অপসারিত ১৩ জন আইপিএস আধিকারিকের জন্য পুরনো নির্দেশই বহাল থাকবে। অর্থাৎ, তাঁদের কেরল এবং তামিলনাড়ুতে যেতে হবে।

